বরিশাল

সিটি মেয়রের অভিষেক অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারপিট

বরিশাল সিটি করপোরেশেনের (বিসিসি) পঞ্চম পরিষদের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে মারপিট, চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় এক যুবক মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এ ছাড়া আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশাল সিটি করপোরেশনের নগর ভবনের সামনে সড়কে ফজলুল হক এভিনিউয়ে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠান শুরু হয়।

দুপুরের দিকে অনুষ্ঠান মঞ্চে মেয়রের বক্তব্য চলাকালে অনুষ্ঠানস্থলের সামনের সড়ক কাকলির মোড়ে মারপিটের ঘটনা ঘটে। এর আগে মঞ্চের সামনের দিকে হিসাব ভবনের সামনে চেয়ার ছোঁড়াছুঁড়ি ও ভাঙচুরের ঘটনা ঘটে। তখন অনেকের গায়ের ওপর চেয়ার পরে।

এ ঘটনায় গুরুতর আহত যুবক মো. আরিফ। তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী মো. হীরা বলেন, মারপিটকারীদের মধ্যে এক গ্রুপের মাথায় টিয়া রঙের ফিতা দেখা যায়। অপর গ্রুপের গায়ে খোকন সেরনিয়াবাতের ছবির ছাপা দেওয়া আকাশি রঙের গেঞ্জিও দেখা যায়। বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের বক্তব্য চলাকালে দুই গ্রুপের মধ্যে ব্যাপক চেয়ার ছোঁড়াছুঁড়ি হয়। এক পর্যায়ে ওই স্থান থেকে তারা দ্রুত সরে যায়।

প্রত্যক্ষদর্শী আনসার হাওলাদার বলেন, একদিকে মঞ্চে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর বক্তব্য চলে। অন্যদিকে দুই গ্রুপের মধ্যে ব্যাপক মারপিট হয়। কাকলির মোড় থেকে এই মারপিট শুরু করে এক পর্যায় বগুরা রোডের মুখে চলে যায়। এ সময় আরিফ নামে এক যুবকের মাথা থেকে ব্যাপক রক্ত ঝরতে দেখা যায়। আমি পরিচয় জানতে চাইলে তিনি নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা বলে জানান তার সাথে থাকা লোকজন। পরে স্থানীয় ও আহতর স্বজনরা আরিফকে বরিশাল সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবনির্বাচিত মেয়রের নির্বাচনকালীন মিডিয়া সেলের দ্বায়িত্বে থাকা ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক লস্কর নুরুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘বড় একটি জমায়াতের ভেতরে ছোটখাটো কিছু ঘটনা ঘটতে পারে। এটা আমার জানা নেই। আমাদের মূল প্রোগ্রামের ওপরে কোনো প্রভাব পড়েনি। কিছু চেয়ার ভাঙা অবস্থায় পাওয়া যায়, এ সময় জানতে পারি কিছু একটা হয়েছিলে। তবে এ বিষয়ে আমার আরও ভালোভাবে জানতে হবে।

বরিশাল কোতয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘এই ঘটনায় আমাদের কাছে কেউ কোনে লিখিত অভিযোগ পায়নি। কেউ অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

এদিকে অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, ‘আজ আমি এই বরিশালের যে দ্বায়িত্ব নিয়েছি সেই দ্বায়িত্বকে সঠিকভাবে পালন করব। বরিশাল সিটি করপোরেশনে প্রশাসন অবকাঠামো একদমই নেই। যেটা অত্যন্ত দুঃখজনক। আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। বরিশালবাসীর উপরে ৩০০ কোটি টাকার দায়দেনা আছে। আমি আজ এখানে উল্লেখ করতে চাই মাত্র ১২ কোটি টাকা পেয়েছি। আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। এখন সঠিক জবাবদিহির মাধ্যমে বরিশাল সিটিকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা পূনর্গঠন করতে হবে।’