চিন সীমান্তের পর ভারত-মিয়ানমার সীমান্তে বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক লড়াইয়ের মুখোমুখি হচ্ছে নেপিদোর সামরিক জান্তা। ভারতের মিজোরাম রাজ্যসংলগ্ন সীমান্ত এলাকায় বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে জড়ায় জান্তা বাহিনী। গত সোমবার চিন রাজ্যে দুটি সামরিক চৌকির নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। রাখাইন রাজ্যেও এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে তারা।
সম্প্রতি শান রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যাপকভাবে পর্যুদস্ত হয়। ২০২১ সালে এনএলডি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে উৎখাতের পর থেকে গণতন্ত্রপন্থি এবং বিভিন্ন জাতিগত সংগঠন জান্তার বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালাচ্ছে।
চিন ন্যাশনাল ফ্রন্টের (সিএনএফ) ভাইস চেয়ারম্যান সুই খার বলেন, প্রায় ৮০ জন যোদ্ধা রিখওয়াদার ও খাউমাওয়ি এলাকার দুটি সামরিক চৌকিতে আক্রমণ চালায় এবং শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। সুই খার বলেন, ‘আমরা সামনে এগিয়ে যাব। আমাদের কৌশল হলো, গ্রাম থেকে শহরের দিকে যাওয়া এবং শেষে রাজধানীর দখল নেওয়া।’
এদিকে রাখাইন রাজ্যের রাজধানী শহর সিত্তেতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। আরাকান আর্মির (এএ) মুখপাত্র বলেন, তারা রাথিডাউং এবং মিনবিয়া এলাকায় দুটি সামরিক চৌকির দখল নিয়েছে।