ঐশ্বরিয়াকে নিয়ে মন্তব্য করে রাজ্জাকের ক্ষমাপ্রার্থনা

বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক ছিল না। পাঁচ নম্বরে থেকে আসর শেষ করেছে তারা। দলটিকে নিয়ে সমালোচনার যেন থামছেই না। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক উত্তরসূরিদের সমালোচনা করতে গিয়ে টেনে এনেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে।

এতে প্রবল সমালোচনার মুখে পড়েছেন রাজ্জাক নিজেই। নিজের বক্তব্যের জন্য ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

এক ভিডিও বার্তায় রাজ্জাক বলেন, ‘আমি আব্দুল রাজ্জাক...গতকাল সংবাদ সম্মেলনে আমরা ক্রিকেট কোচিং এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করছিলাম। আমি মুখ ফসকে ও ভুলে ঐশ্বরিয়া রায়ের নাম নিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমাপ্রার্থী। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। আমাকে অন্য কিছু উদাহরণ দেওয়া উচিত ছিল, কিন্তু ভুলবশত তার নাম ব্যবহার করেছিল।’

এর আগে এক অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনা করেন রাজ্জাক। সেখানেই ঐশ্বরিয়াকে উদাহরণ হিসেবে টেনে এনে তিনি বলেন, ‘আপনি যদি মনে করেন ঐশ্বরিয়া রায়কে বিয়ে করে একটা ভালো ও ধার্মিক বাচ্চার জন্ম দেবেন, সেটা তো হবে না। আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।'

এ সময় রাজ্জাকের সঙ্গে ছিলেন সাবেক পাকিস্তানি খেলোয়াড় উমর গুল ও শহিদ আফ্রিদি। তারা রাজ্জাকের বক্তব্যে হাত তালি দেন।