শ্রীপুরে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরের চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিল করেছে। এসময় মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ বিএনপির। আজ বুধবার সকাল আটটার দিকে পৌরশহরের ১নং সিএন্ডবি বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ মিছিল বের করা হয়। 

বিএনপি অভিযোগ, তাদের এক দফা দাবির পক্ষের শান্তিপূর্ণ অবরোধের মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ সময় তাদের অন্তত ১০/১২ জন নেতা আহত হয়েছে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।এ সময় বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা মহাসড়কে সব যানবাহন আটকে দেয়। এতে দুর্ভোগে পড়েন মানুষ। খবর পেয়ে পুলিশ চলে আসলে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক ছেড়ে পালিয়ে যায়।

যদিও আওয়ামী লীগ বলছে, অবরোধকারীরা অবরোধের নামে অরাজকতা আগুন সন্ত্রাস চালাচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সে অরাজকতা প্রতিরোধে মাঠে রয়েছে। তাদের অভিযোগ আজও বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সিএন্ডবি বাজা এলাকার পলক ফিলিং স্টেশনের কাছে একটি মিছিল বের হয়। কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নেতৃত্ব দেন। শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করা হয়। এ সময় উত্তেজিত নেতাকর্মীদের হাতে ওই মিছিলে বাঁশের লাঠিসোটা ছিল। তারা মিছিলে অবরোধের পক্ষে একটি ব্যানার ও বেশ কিছু ফেস্টুন বহন করছিল। এ সময় মিছিল থেকে মহাসড়কে চলাচলকারী কয়েকটি যানবাহনে হামলা চালানোর চেষ্টা করা হয়। পরে তারা মহাসড়কে চলাচল বেশ কিছু গাড়ি আটকে রাখে। 

তারা আরও জানান, এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অবরোধকারীদের ধাওয়া দেয়। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিল শুরু হলে সড়ক ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিছিলে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা অবরোধের পক্ষে মিছিল বের করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। তবে আমাদের নেতাকর্মীদের চেষ্টায় তারা কোনও গাড়ি ভাঙচুর করতে পারেনি। আমাদের শক্ত প্রতিরোধের মুখে তারা পালিয়ে গেছে। তিনি দাবি করেন বিএনপির লোকজন এ সময় তাদের মিছিল থেকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আশপাশের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফ সিদ্দিকী বলেন, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসাবে অবরোধরে পক্ষে আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় আমাদের মিছিলে। এতে আমাদের অন্তত ৭/৮ জন নেতাকর্মী আহত হয়েছে। পরে তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন আমাদের পক্ষ থেকে কোনও অরাজকতা বা গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয়নি। আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। 

শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, অবরোধের পক্ষের লোকজন বিভিন্ন গাড়িতে হামলার চেষ্টা করা করছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ সময় পুলিশের গাড়ি দেখেই হামলাকারীরা পালিয়ে গেছে। কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে ককটেল বিস্ফোরণের মত কোনও ঘটনা ঘটেনি বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।