টেসলার সাইবার ট্রাক কিনে ১ বছরের মধ্যে বিক্রি করলে গুণতে হবে জরিমানা!   

কেউ গাড়ি কিনে কিছু দিন ব্যবহার করার পর সেটি বিক্রি করে দেন। আবার কেউ কিনেই অপছন্দ হলে সঙ্গে সঙ্গে বিক্রি করে দেন। দুই ক্ষেত্রেই গোটা বিষয়টি নির্ভর করে গ্রাহকদের উপর। কিন্তু সম্প্রতি বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এমন এক নিয়ম জারি করেছে যার ফলে গাড়ি কেনার পর তা বিক্রি করতে দশবার ভাবতে বাধ্য হবেন ক্রেতারা। টেসলার তরফ থেকে জানানো হয়েছে, তাদের নতুন গাড়ি কিনে ১ বছরের মধ্যে বিক্রি করলে মার্কিন গ্রাহকের ৫০ হাজার ডলার জরিমানা দিতে হবে। পাশাপাশি কেউ যদি ১ বছরের ভিতর সাইবারট্রাক বিক্রি করে তাহলে তাঁকে ভবিষ্যতে কোনও গাড়ি বিক্রি করবে না টেসলা।  

আর গাড়িটিও যে-সে গাড়ি নয়। ২০২৩ সালে বহুল প্রতীক্ষিত বৈদ্যুতিক ট্রাক সাইবারট্রাক নিয়ে আসছে টেসলা। এই সাইবার ট্রাক বিক্রিতেই এমন শর্ত রেখেছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি।

ইতিমধ্যে সাইবার ট্রাকের প্রিঅর্ডারের জন্য শোরুমের বাইরে লাইন পড়েছে মানুষের। এখন পর্যন্ত টেসলার সাইবারট্রাকের জন্য ১০ লাখের বেশি প্রি-অর্ডার জমা পড়েছে। যার ফলে গাড়ির ওয়েটিং পিরিয়ড পৌঁছে গিয়েছে ৫ বছরে। অর্থাৎ সাইবার ট্রাকের ডেলিভারি পেতে গ্রাহকদের ৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে!     

৩০ নভেম্বর সাইবার ট্রাকের অফিসিয়াল লঞ্চ করবে টেসলা। অত্যাধুনিক বৈদ্যুতিক গাড়ি টেসলা সাইবারট্রাক। গাড়িটি নিয়ে অনেক প্রত্যাশা রেখেছেন টেসলার সিইও মাস্ক। জানা গিয়েছে প্রতি বছর এই গাড়ির ১.২৫ লাখ ইউনিট উৎপাদন করার লক্ষ্যমাত্রা রেখেছে সংস্থা। ২০১৯ সালে একটি প্রদর্শনীতে সাইবার ট্রাক প্রথম সামনে আনা হয়েছিল। সেই গাড়ি বাজারে অফিশিয়ালি লঞ্চ করতে ৪ বছর সময় লাগলো টেসলার।