আল শিফা হাসপাতালে বুধবার ভোর থেকেই অভিযান চালাচ্ছে ইসয়ায়েলি স্থল বাহিনী। তবে হাসপাতালের আশেপাশে ও হাসপাতালের ভেতরে গুলিবর্ষণ হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর আল জাজিরা ও রয়টার্স।
আল-শিফা হাসপাতালে নিযুক্ত ডাক্তার আহমেদ এল মোখাল্লালতি রয়টার্সকে জানিয়েছেন যে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের কারণে জানালা থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছেন তারা।
টেলিফোন সাক্ষাৎকারে তিনি রয়টার্সকে বলেন, "বোমাবাজি। হাসপাতালের আশপাশে ও হাসপাতালের ভেতরে গোলাগুলি। এটা সত্যিই ভয়ঙ্কর। আমরা বুঝতে পেরেছিলাম যে ট্যাংকগুলি হাসপাতালের চারপাশে ঘুরছে।“
তিনি আরও বলেন, “তারা শুধু হাসপাতালের জরুরি বিভাগের সামনে পার্ক করেছিল। হাসপাতালের চারপাশে সব ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে। তারা সরাসরি হাসপাতালকে টার্গেট করেছে। আমরা জীবন ঝুঁকি এড়াতে জানালার কাছে যাচ্ছি না।“
এদিকে হাসপাতালের অভ্যন্তরের কিছু সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে যে, প্রায় ৩০ জনকে ভবনের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, তাদের পোশাক খুলে নেওয়া হয়েছে। তাদের চোখ বেঁধে হাসপাতালের উঠানে ট্যাংক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে।
এছাড়া বিশেষায়িত সার্জারি ভবনের ভিতরে ইসরায়েলি কমান্ডোরা সমস্ত পার্টিশন ছিঁড়ে ফেলছে, ঘরের মধ্যে সমস্ত দেয়াল ধ্বংস করেছে। সৈন্যরা বেসমেন্টে যাচ্ছে এবং একের পর এক লোককে ডেকে জিজ্ঞাসাবাদ করছে।
আল জাজিরা বলছে যে ফিলিস্তিনিরা আশঙ্কা করছে যে এই হাসপাতালে হামাসের কোন কার্যক্রম না থাকলেও মিথ্যা তথ্য উপস্থাপন করতে পারে ইসরায়েল। যদিও এখনও অবধি, জিম্মি বা হাসপাতালে হামাসের "কমান্ড সেন্টার" হিসাবে ব্যবহারের কোনও প্রমাণ পাওয়া যায়নি।
আল জাজিরা আরও জানিয়েছে যে হাসপাতালের ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের গুদাম উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সৈন্যরা লাউডস্পিকার ব্যবহার করে যুবকদের আত্মসমর্পণের নির্দেশ দিচ্ছে।