তফসিল ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা ও রাজনৈতিক সমঝোতা ছাড়া আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বন্ধ রাখার দাবিতে গণমিছিল নিয়ে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে যাত্রা শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলটি রাজধানীর বায়তুল মোকাররম থেকে শুরু করে বিজয়নগর অতিক্রম করে আগারগাঁও অভিমুখে চলছে।
মিছিলে অংশ নেওয়া ইসলামী আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন দেশ রূপান্তরের এই প্রতিবেদক। জানতে চান, কেন এই গণমিছিলে অংশ নিচ্ছেন তারা।
এদের একজন শফিকুল ইসলাম। ইসলামী যুব আন্দোলনের মুগধা থানার সাংগঠনিক সম্পাদক তিনি। দেশ রূপান্তরকে শফিকুল ইসলাম বলেন, ‘আমরা ২০১৪ ও ১৮-এর নির্বাচনের কথা জাতিকে স্মরণ করিয়ে দিতে চাই। ২০২৪ সালে কোনো নীল নকশা বাস্তবায়ন করতে দিব না।’
তিনি আরও বলেন, ‘আমাদের মুরব্বিদের ডাকে আমরা মাঠে নেমেছি। আগামী নির্বাচনে ভোটের অধিকার আদায় ও হাত-পাখা প্রতীকের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।’
লালবাগ থানা ইসলামী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ‘আমরা এই সরকারের পতন চাই। জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে মাঠে নেমেছি।’
অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক জামাল হুসেন বলেন, ‘এই সরকার ইমামদের ওপর হামলা চালিয়েছে বিভিন্ন সময়। বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীদের জেলে আটকে রেখেছে। তাই আমরা মাঠে নেমেছি।’