ভারতের উত্তরপূর্বের রাজ্য মিজোরামের এক দুর্গম একটি গ্রাম বাকতাওয়াং, এই গ্রামে রয়েছে একটি চারতলা ভবন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এই ভবনে বিশ্বের সবচেয়ে বড় একটি পরিবারের বসবাস। পরিবারের সদস্যসংখ্যা ১৯৯ জন। ২০২১ সালে ৭৬ বছর বয়সে মারা যান এই বিশাল পরিবারের কর্তা জিওনা ছানা। তিনি ৩৮ জন স্ত্রী এবং ৮৯ জন সন্তান এবং তাদের ঘরে ৩৬ জন নাতি-নাতনি রেখে গেছেন।
জিওনা চানা বেঁচে না থাকলেও এখনো একান্নবর্তী এই পরিবারটি টিকে আছে একই ছাদের নিচে এই ভবনে। বর্তমানে প্রায় ১০০ কক্ষের এই চারতলা বাড়িটি মিজোরামের অন্যতম পর্যটন আকর্ষণ হয়ে উঠেছে। একটি ভবনে কিভাবে এত বড় একটি পরিবার সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রেখে চলেছে সেটিও অনেককে আকৃষ্ট করছে।
জিওনা ছানা, ছানা গোত্রের মানুষ। ১৯৪২ সালের দিকে এই গোত্র গড়েছিলেন তারই বাবা। জিওনা ১৭ বছর বয়সে প্রথম বিয়ে করেন। তিনি নাকি এক বছরেই ১০ টি বিয়ে করেছিলেন। স্থানীয়রা জানান, জিওনা বেঁচে থাকা অবস্থায় একসঙ্গে সাত-আটজন স্ত্রীকে সব সময় পাশে রাখতে পছন্দ করতেন। আর খাবার সময়ে বিশাল এই পরিবারের সদস্যদের নিয়ে বিরাট এক কক্ষে খেতে বসতেন। আরও বড় পরিবার কামনা করেছিলেন জিওনা, ২০১১ সালে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছিলেন তিনি এই পরিবারটিকে আরও বড় দেখতে চান!