মেয়েকে তুলে নিলো অপহরণকারীরা, মায়ের চিৎকারে এগিয়ে আসেনি কেউ

চট্টগ্রাম নগরে দিনে দুপুরে ফিল্মি কায়দায় এক কিশোরীকে অপহরণ করে চার তরুণ। তবে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে এই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চান্দগাঁও থানার ইস্পাহানি জেটি রোড এলাকায় মাকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় চার তরুণ।

এ ঘটনার একটি ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগীর মা অভিযোগ করার পর মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সীতাকুণ্ডের কুমিরার পাথরপাড়া থেকে ওই কিশোরীকে উদ্ধার করে চান্দগাঁও থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে  মো. শাকিল (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার শাকিলের বাসাও চান্দগাঁও থানা এলাকায়। শাকিল পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। স্থানীয় একটি কারখানায় কাজ করেন তিনি।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বলেন, ‘শাকিল বখাটে ছেলে। কিশোরীকে তার পছন্দ ছিল। কিন্তু বিষয়টি জানতো না কিশোরী। একদিন বন্ধুদের নিয়ে কিশোরীকে অপহরণের পরিকল্পনা করে শাকিল'। 'পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে  অবস্থান  নেয় শাকিল ও তার তিন বন্ধু। একটি সিএনজি অটোরিকশাও তারা দাঁড় করিয়ে রাখে'।

তিনি বলেন, 'কিশোরী প্রাইভেট কোচিংয়ে ক্লাস শেষে মায়ের সঙ্গে বাসায় ফিরছিল। এ সময় ছাফা মোতালেব ক্লিনিকের অদূরে মাকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে শাকিল ও তার বন্ধুরা কিশোরীকে অটোরিকশায় তুলে নিয়ে দ্রুত চলে যায়'।

ওসি জাহিদুল কবীর জানান, এ সময় কিশেরীর মা ‘আল্লাহ গো, আল্লাহ গো আমার মেয়েকে বাঁচাও’ বলে চিৎকার করলেও এগিয়ে আসেনি কেউ। অপহরণে জড়িত শাকিলের তিন বন্ধু ও অটোরিকশা চালককে এখনও পাওয়া যায়নি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে অপহরণে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়েছে।