ইসরায়েলকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে পরমাণু অস্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন এরদোয়ান

ইসরায়েলকে সরাসরি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। একই সঙ্গে দেশটির হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

বুধবার (১৫ নভেম্বর) রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) পার্লামেন্টারি গ্রুপের বৈঠকে এরদোয়ান বলেন, ইসরায়েল একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’। তাদের সেনাবাহিনী গাজায় যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

তিনি আরও বলেন, ‘হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা ফিলিস্তিনি জনগণের মাধ্যমে নির্বাচিত গাজার শাসক। তারা স্বাধীনতাকামী যোদ্ধা, যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছেন।’

গাজায় ইসরাইলের এক মন্ত্রীর পারমাণবিক বোমা ফেলার প্রসঙ্গ টেনে ইসরাইলের কাছে পারমাণবিক বোমা আছে কিনা দেশটির প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে তা স্পষ্ট করার দাবি জানান এরদোয়ান।

অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান বসতি স্থাপনকারী ইসরাইলিদের ‘সন্ত্রাসী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তুরস্ক আন্তর্জাতিক মঞ্চে কাজ করবে বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট।

সম্প্রতি নেতানিয়াহু সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আমিচাই ইলিইয়াহু কোল বারামা একটি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হামাসের অভিযানের জবাবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল যে মাত্রায় হামলা চালাচ্ছে তাতে তিনি ‘পুরোপুরি সন্তুষ্ট না’। গাজায় ‘সবাইকে হত্যা করতে’ পরমাণু বোমার মতো কোনো অস্ত্র ব্যবহার করা হবে কিনা-উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা অন্যতম অপশন’।