পশ্চিম, বিশেষ করে যুক্তরাষ্ট্রের দ্বিমুখীতাই গাজা সংকটের জন্য দায়ী। তারা বলছে রাশিয়া ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে। কিন্তু গাজায় ইসরায়েলের গণহত্যায় তাদের সম্মতি রয়েছে, যা দ্বিমুখীতার পরিচয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে ৫৭টি আরব ও মুসলিম দেশের সম্মেলনে নেতৃবৃন্দ এ কথা বলেন।
সম্মেলনে সৌদি যুবরাজসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উপস্থিতি ছিলেন। এতে আরব লীগের জেনারেল সেক্রেটারি বলেন, হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করেছে। তারা এ পর্যন্ত ১২০০ ইসরায়েলি নাগরিককে হত্যা করেছে এবং ২৪০ জন নাগরিককে জিম্মি করেছে। এ দায় ইসরায়েলকেই নিতে হবে।
পরে চূড়ান্ত ইশতিহারে বলা হয়, ইসরায়েল গাজায় যে আগ্রাসন চালাচ্ছে এর জন্য পশ্চিমকে চরম মূল্য দিতে হবে। জাতিসংঘ ইসরায়েলকে সতর্ক করেছে। তবুও তাদের আগ্রাসন বন্ধ হয়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলের ওপর আন্তর্জাতিক আইন প্রয়োগে ব্যর্থ হয়েছে।
সম্মেলনে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি বলেন, আর কোনো কথা নয়। গাজা সংকটে হস্তক্ষেপ করার এটাই উপযুক্ত সময়। কিন্তু কোনো রাষ্ট্র এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না যা হতাশাজনক। সম্প্রতি শুধু বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বিচ্ছিন্ন করেছে।