আগামীকাল ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন মেহজাবীন চৌধুরী। জাহান সুলতানার গল্পে এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।
আজ বুধবার (১৫ নভেম্বর) একটি সংবাদ সম্মেলনে ফিল্মটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে আফরান নিশো বলেন,
‘গল্পটা আমার খুব কাছের, হৃদয়ের কাছাকাছি। আমরা সবাই কাজটার জন্য লেগে ছিলাম। নিজেদের কাজের জন্যই আমরা সময় করে উঠতে পারছিলাম না। সবার চাওয়া এক হওয়াতেই আমরা সেটা শেষ করতে পেরেছি। নীল জলের কাব্য একটা ছোট্ট অনুভূতির গল্প, সহজ গল্প।’
ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে নারীকেন্দ্রিক গল্পে আর এ ধরণের গল্প দর্শকনন্দিত হয় না বলে মন্তব্য করেছেন তিনি। নিশো প্রশ্ন, আমাদের সমাজে নারীকেন্দ্রিক গল্পগুলো কেন জানি দর্শকনন্দিত হতে চায় না বা হয় না।
তিনি বলেন, ‘এটা আমরা পুরুষদের কারণে কিনা, জানি না। কিন্তু আমি সবসময় এটা অনুভব করি, মেহজাবীনের সঙ্গে কাজের সময়ও, কেন একটি নারীকেন্দ্রিক গল্প দর্শক লুফে নেয় না। পুরুষরা যখন কেন্দ্রীয় চরিত্রে কাজ করে, তখনই কেন সেটা সমাদৃত হয়। ওটিটির ক্ষেত্রেও এরকম দেখা যায়। এ কারণে নির্মাতারাও চান পুরুষ শিল্পীদের নিয়ে কাজ করতে।’