আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি। নির্বাচন সামনে রেখে আগামী ১৭ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।
আজ বুধবার (১৫ নভেম্বর) রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তফসিল-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। গণতন্ত্রকামী বাঙালির জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের এবং একটি ঐতিহাসিক দিন। এর মধ্য দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী ১৭ নভেম্বর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে ঢাকা জেলা অফিসে। সেখানেই মনোনয়নপত্রের ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পরপরই ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।