হামাস প্রধানকে ইরানের সিদ্ধান্ত জানিয়েছেন খামেনি!  

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে মিলে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ইরান। নভেম্বরের শুরুতে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনই খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বুধবার (১৫ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ‘পরিচয় প্রকাশ না করার শর্তে হামাস ও ইরানের কয়েকটি সূত্র’ বিষয়টি নিশ্চিত করেছে।  

রয়টার্সের ওই প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের শুরুতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে দেখা করেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান। সেখানে সরাসরি যুদ্ধ না করলেও হামাসকে নীতিগত সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়াতুল্লাহ খামেনেয়ি। তবে সরাসরি কোনো হস্তক্ষেপ তারা করবেন না। কারণ গত ৭ অক্টোবর ইরানকে না জানিয়েই হামাস ইসরায়েলে হামলা চালায়।

সূত্রগুলো রয়টার্সকে আরও জানিয়েছে, হামাসের যেসব নেতা ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সরাসরি হস্তক্ষেপ চেয়ে প্রকাশ্যে বিভিন্ন বক্তব্য দিয়েছেন, তাদের চুপ করানোর জন্যও ইসমাইল হানিয়াকে চাপ দেন আয়াতুল্লাহ খামেনেয়ি। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে যে ভয়াবহ হামলা চালায়, এতে অবাক হয়ে যায় হিজবুল্লাহও। তবে হিজবুল্লাহ লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের সঙ্গে খণ্ড যুদ্ধে অবতীর্ণ হলেও পরিপূর্ণভাবে এই যুদ্ধে আপাতত জড়াবে না বলে ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহ।