দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আজ বুধবার সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করে রাজনৈতিক জোটটি।
আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন কর্তৃক দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করে তফসিল ঘোষণাকে প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। রাজধানীর বিএমএ ভবনের সামনে থেকে মিছিল শুরু করে পল্টনে মোড়ে পুলিশের বাধা মুখে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এর নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।
গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন আয়োজনের তফসিল আমরা প্রত্যাখ্যান করছি। পাশাপাশি গণদাবীর বিপক্ষে গিয়ে প্রহসনের তফসিল ঘোষণায় গণতন্ত্র মঞ্চ এই নির্বাচন কমিশনকেও প্রত্যাখ্যান করছে।’
তিনি শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে এই প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করার আহ্বান জানান দেশবাসীর প্রতি। এ সময় তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন স্বপন।