বৈশ্বিক উষ্ণতা কমাতে একজোট চীন-যুক্তরাষ্ট্র

চীন ও যুক্তরাষ্ট্র বৈশ্বিক উষ্ণতা রোধে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে। একইসঙ্গে জলবায়ু সংকটকে এ সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে ঘোষণা করেছে।

সান ফ্রান্সিসকোয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের কয়েক ঘণ্টা আগে বুধবার (১৫ নভেম্বর) একযোগে কাজ করার এ ঘোষণা দেয়া হয়।

যুক্তরাষ্ট্রে জলবায়ু বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, দুই নেতা চলতি মাসের শেষে দুবাইতে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলন সফল করার অঙ্গীকার করেছেন। এছাড়া প্যারিসে জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, প্যারিস লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন। কিন্তু চীন-মার্কিন দ্বন্দ্বসহ ভূরাজনৈতিক অস্থিরতার কারণে এটি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।

চলতি মাসের শেষের দিকে দুবাইতে কপ-২৮ শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশ যোগ দিতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলনের সাফল্য অনেকটাই নির্ভর করছে বাণিজ্য থেকে মানবাধিকার বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে থাকা চীন ও যুক্তরাষ্ট্রের সমঝোতার ওপর।