ডায়াবেটিস বা বহুমূত্র রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ওজেম্পিক রপ্তানি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে জার্মানির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বিএফএআরএম। গতকাল বুধবার সংস্থাটির প্রধান কার্ল ব্রোইচ এমন ইঙ্গিত দিয়েছেন।
জার্মান ম্যাগাজিন স্পিজেলকে কার্ল ব্রোইচ বলেন, ‘বর্তমানে (ওষুধ নিয়ন্ত্রণে) যেসব ব্যবস্থা চালু আছে এবং জনগণকে সতর্ক করতে যেসব বার্তা দেওয়া হয়েছে, সেগুলো যদি কাজ না করে তবে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে আমরা এখন আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা করছি। তারপর আমরা রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তা করব, যাতে রোগীদের প্রয়োজনের জন্য দেশে যথেষ্ট পরিমাণে ওষুধ মজুদ থাকে।’
জার্মানি থেকে ওজেম্পিক ইউরোপের অন্যান্য দেশ এবং যুক্তরাষ্ট্রে যাচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘অন্য অনেক দেশ থেকে জার্মানিতে ওজেম্পিক তুলনামূলক সস্তা বলেও আমাদের দেশ থেকে ওষুধটি বাইরে চলে যাচ্ছে। ওজন কমাতে ওজেম্পিকের ব্যবহারের কারণে এর চাহিদা বেড়ে গেছে।’