ঋণের আওতায় নতুন ৫০ লাখ কৃষক

দেশের অর্থনীতির প্রধান বাহন কৃষিকে বেগবান করতে প্রান্তিক পর্যায়ে ঋণের আওতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চলতি অর্থবছরে নতুন ৫০ লাখ

কৃষককে ঋণসুবিধার আওতায় আনতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থাটি। এ ক্ষেত্রে বড় ঋণের পরিবর্তে ছোট ঋণ বিতরণে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুল আমীন এই নির্দেশ দিয়েছেন। সভায় বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক কানিজ ফাতিমা এবং বাণিজ্যিক ব্যাংকের কৃষিঋণ বিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে দেশে এক কোটিরও বেশি কৃষক ঋণের আওতায় রয়েছেন। তাদের মধ্যে প্রান্তিক এলাকার কৃষকরা ঋণ নিচ্ছেন বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে। যার সুদের হার ব্যাংকের চেয়ে অনেক বেশি। এর ফলে কৃষির উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যাংকের মাধ্যমে অন্তত ৫০ লাখ নতুন কৃষককে কৃষিঋণের আওতায় আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে বড় ঋণ বিতরণ থেকে সরে এসে ১০ টাকার ক্ষুদ্র হিসাবধারী কৃষক, মৎস্যচাষি, খামারি এবং ছোট ছোট উদ্যোক্তাকে ঋণের আওতায় আনতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে যারা এখন পর্যন্ত কৃষি ও পল্লীঋণের সুবিধা পাননি, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ বিতরণ করতে তাগিদ দেওয়া হয়েছে।  

সূত্র জানায়, ডাচ্-বাংলা ব্যাংকসহ ডজনখানেক ব্যাংক কৃষিঋণ বিতরণে বড় গ্রাহকদের অগ্রাধিকার দিচ্ছে। আর কিছু ব্যাংক ক্ষুদ্র কৃষক ও প্রান্তিক গ্রাহককে কৃষিঋণ দিতে অনীহা দেখাচ্ছে। এ ক্ষেত্রে ব্যাংকগুলো তাদের কৃষিঋণের কোটা পূরণ করতে বড় গ্রাহকদের কোটি কোটি টাকার ঋণ বিতরণ করছে। এতে কৃষি ও পল্লীঋণের মূল যে লক্ষ্য, তা ব্যাহত হচ্ছে। বিষয়টি কৃষিঋণ বিভাগের মনিটরিংয়ের মাধ্যমে উঠে এসেছে। এ অবস্থা থেকে বের হতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ঋণ বাড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। এরপরও যদি কোনো ব্যাংক নতুন করে বড় ঋণ বিতরণের মাধ্যমে কৃষিঋণের কোটা পূরণ করে, তবে সেসব ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা।

বৈঠক অংশগ্রহণকারী একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকপর্যায়ে ঋণ বিতরণে অনেক ব্যাংকের সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশ ব্যাংকঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ব্যাংকগুলোকে নিজস্ব নেটওয়ার্ক (শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, কন্ট্রাক্ট ফার্মিং, দলবদ্ধ ঋণ বিতরণ এবং ব্যাংক-এমএফআই লিংকেজ) ব্যবহার করতে পরামর্শ দিয়েছে। এতে সুদের হার ও চার্জ বেশি পড়ে। তাই বাধ্য হয়ে কিছু ব্যাংক বড় ঋণ দিয়ে থাকে। এতে পরিচালন খরচ কমে আসে। তবে কৃষিঋণ বিতরণ যাদের জন্য করা তারা যে বঞ্চিত হচ্ছেন সেটা আমরাও বুঝি।’

বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে, চলিত ২০২৩-২৪ অর্থবছরের জন্য কৃষি ও পল্লীঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। তফসিলভুক্ত ব্যাংকগুলো এ ঋণ বিতরণ করবে। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করবে ১২ হাজার ৩০ কোটি টাকা। আর বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো ২২ হাজার ৯৭০ কোটি টাকার ঋণ বিতরণ করবে।

গত অর্থবছরে ব্যাংকগুলোর বিতরণকৃত কৃষিঋণের পরিমাণ ছিল ৩২ হাজার ৮৩০ কোটি টাকা। এর বাইরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গত বছরের নভেম্বরে কৃষি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। তহবিলের মেয়াদ প্রাথমিকভাবে ধরা হয়েছে ২০২৪ সালের জুন পর্যন্ত।

নতুন কৃষি নীতিমালায় ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা ঋণের পরিমাণ লক্ষ্যমাত্রার ন্যূনতম ৫০ শতাংশ করতে বলা হয়েছে, যা আগে ছিল ৩০ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের কৃষি ও পল্লীঋণ নীতিমালা ও কর্মসূচিতে নতুন করে কয়েকটি বিষয় যুক্ত করা হয়। এর মধ্যে নতুন কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ বিতরণ করতে হবে। পল্লী অঞ্চলে আয়-উৎসারী কর্মকান্ডে ঋণের সর্বোচ্চ সীমা হবে ৫ লাখ টাকা। ছাদকৃষিতে অর্থায়ন করতে পারবে ব্যাংক। অর্থাৎ বাড়ির ছাদে বাগান করতে ঋণ পাবেন গ্রাহক। এ ছাড়া চিংড়ি, কাঁকড়া ও কুঁচিয়া চাষে ঋণ বিতরণ করতে পারবে। মৎস্য খাতে লক্ষ্যমাত্রার ন্যূনতম ১৩ শতাংশ এবং প্রাণিসম্পদ খাতে লক্ষ্যমাত্রার ন্যূনতম ১৫ শতাংশ ঋণ বিতরণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।