নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে দিল এমআরটি পুলিশ

রাজধানীতে মেট্রোরেলে উঠে হারিয়ে গিয়েছিল শিক্ষার্থী দিপাঞ্জলি রায় (১১)। পরে তাকে খুঁজে বের করে মায়ের কাছে পৌঁছে দেয় এমআরটি পুলিশ। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী মায়ের সঙ্গে আগারগাঁও থেকে মতিঝিল যেতে মেট্রোরেলে উঠে হারিয়ে যায়।

গতকাল বুধবার বিকেলে এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্ট.) মাহমুদ খান এ তথ্য জানান। তিনি বলেন, মূলত ফাইনাল পরীক্ষার টেনশনে অনেকটা বেখেয়ালে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দিপাঞ্জলি। পরে ফার্মগেট স্টেশনে সুমি রানীর কাছে তার সন্তানকে ফিরিয়ে দেন এমআরটি পুলিশের সদস্যরা।

জানা যায়, সন্তানকে হারিয়ে সুমি রানী রায় দিগি¦দিক ছোটাছুটি করছিলেন। পরে তিনি কর্তব্যরত এমআরটি পুলিশের সহায়তা চান। সময়ক্ষেপণ না করে সুমি রানীর কাছ থেকে দিপাঞ্জলির বর্ণনা শুনে পরবর্তী স্টেশনে হারানোর খবর জানিয়ে দেয় পুলিশ। এরপর ফার্মগেট স্টেশনে কর্মরত এমআরটি পুলিশ সদস্যরা ট্রেন থেকে বর্ণনা অনুযায়ী ওই শিক্ষার্থীকে খুঁজে বের করে। তারা আগের স্টেশনে ছবি পাঠালে সুমি রানী তার মেয়েকে শনাক্ত করেন।