সবশেষ দুই বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। তবে এবার সেই সুযোগ হাতছাড়া করতে চায়নি দলটি। যে করেই হোক উঠতে চেয়েছিল ফাইনালে। সেই দৃঢ় মনোবলই নিউজিল্যান্ডকে গতকাল হারাতে সাহায্য করেছে তাদের।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল দর্শকে ঠাসা স্টেডিয়ামে হয়েছিল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। সেখানে কিউইদের ৭০ রানে হারায় ভারত। আগে ব্যাট করে ৪ উইকেটে ৩৯৭ রানের বিশাল পুঁজি গড়ে স্বাগতিকরা। পরে গত দুই আসরের রানার্স আপদের থামিয়ে দেয় ৩২৭ রানে।
ভারতের এই জয়ের নায়ক মোহাম্মদ শামি। বল হাতে একাই কিউইদের ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দেন তিনি। ৫৭ রানে নেন ৭ উইকেট। বিশ্বকাপে তো বটেই, ওয়ানডে ইতিহাসেই প্রথম ভারতীয় বোলার হিসেবে ৭ উইকেটের স্বাদ পেলেন তিনি।
এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরা শামি ছাড়া আর কে! সেরার পুরস্কার নিতে এসে শামি জানান ফাইনাল নিয়ে তাদের লক্ষ্য। সঙ্গে তুলে ধরেন শিরোপা মঞ্চে খেলতে চাওয়ার জন্য তার কতটা মরিয়া ছিলেন সেই কথাও, ‘গত দুই বিশ্বকাপের ফাইনালে উঠতে পারিনি আমরা। সেমিফাইনালে হারতে হয়েছে। তাই আমরা এবার সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর ছিলাম। দলের কেউ চাইনি এবারের সুযোগ নষ্ট করতে। যা যা সুযোগ আসবে, সব কাজে লাগাতে চাই আমরা।’
সবশেষ দুই বিশ্বকাপে ফাইনালে খেলতে পারেনি ভারত। ২০১৫ সালে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় তারা। আর ২০১৯ সালে নিউজিল্যান্ডই তাদের বিদায় করে দেয় শেষ চার থেকে। ২০১১ সালের পর আরেকটি শিরোপা ঘরে তোলার সামনে দাঁড়িয়ে ভারত।