দ্রুত ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন আসা উচিত মনে করেন পলাশ

শিগগিরই ব্যাচেলর পয়েন্ট-এর নতুন সিজন আসা উচিত বলে মনে করেন ধারাবাহিকটির অন্যতম অভিনেতা জিয়াউল হক পলাশ। কেননা রাস্তাঘাটে যেখানে যান, সেখানেই তাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যে ব্যাচেলর পয়েন্ট কবে আসবে। এমনকি ট্রাফিক জ্যামে গাড়ি আটকে গেলেও লোকজন পলাশকে চিনে ফেলে এবং জিজ্ঞেস করে ব্যাচেলর পয়েন্ট কবে আসবে।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দেশ রূপান্তরকে জিয়াউল হক পলাশ বলেন, আমি তো একজন অভিনেতা। এটা কাজল আরেফিন অমি ভাই ভালো বলতে পারবেন। তবে আমার অভিমত যদি বলি, এটার নতুন সিজন শিগগির আসা উচিত। এই মুহূর্তে আপনার সঙ্গে আলাপ করছি, পাশ থেকে একজন জানতে চাইলেন নতুন সিজন কবে আসবে। আমার মনে হয় দর্শকদের ভালোবাসার এই প্রতিদান দেওয়া উচিত।

এই ধারাবাহিক নিয়ে অজস্র আবেগীয় ঘটনবা রয়েছে পলাশের। তিনি বলেন, আসলে আমি দেশের যেখানে যাই, বিশ্বের যেখানে যাই বাংলাভাষী মানুষরা কাবিলা নামে আমাকে চেনে। মারজুক ভাইকে পাশা ভাই নামে চেনে। চাষী আলমকে হাবু ভাই নামে চেনে। তারা মনে করে পাশের বাড়ির মানুষটাই আমি কাবিলা। তারা কাবিলাকে নিজেদেরই একজন মনে করে। এরচেয়ে বড় আবেগের জায়গা কী হতে পারে?

এদিকে কাজল আরেফিন ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের সিজন ৪ এর একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে, এর ফলে অনেকেই মনে করছেন ব্যাচেলর পয়েন্ট এর নতুন সিজন আসতে যাচ্ছে সামনে।