স্বদেশিকে নিয়ে ফের লজ্জায় পড়লেন ওয়াসিম আকরাম

কদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইসিসির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার হাসান রাজা। ভারতকে সুবিধা পাইয়ে দিতে বল ও পিচ পরিবর্তনের সেই অভিযোগ নিয়ে হাসির পাত্র হতে হয়েছিল রাজাকে। এবার রোহিত শর্মার বিরুদ্ধে টসে জালিয়াতির অভিযোগ তুলে একই সঙ্গে বিতর্ক ও হাসির খোরাক জুগিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার সিকান্দার বখ্ত। আর এবারও বখতের মন্তব্য নিয়ে বিষেদাগার করলেন পাকিস্তান লিজেন্ড ওয়াসিম আকরাম।

সিকান্দার বলেন, ‘টসের সময় রোহিত শর্মা প্রতিপক্ষের অধিনায়ক থেকে দূরে ফেলেন কয়েনটিকে। সে জন্য প্রতিপক্ষ অধিনায়ক দেখতে পান না আসল সিদ্ধান্ত কী হয়েছে।’ তিনি দাবি করেন এই পদ্ধতিতে টস জালিয়াতি করছে ভারত।

বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের জনপ্রিয় অনুষ্ঠান ‘প্যাভিলিয়ন’ এর নিয়মিত অতিথি ওয়াসিম আকরাম। সেখানেই তিনি সিকান্দারের মন্তব্য খন্ডণ ও বিষেদাগার করেন। ওয়াসিম বলেন, ‘টসের সময় কয়নে কোথায় পড়বে সেটা কে ঠিক করেছে?। ওইখানে যে ম্যাটটি থাকে তা বিজ্ঞাপনী কাজে ব্যবহৃত হয়। এমন মন্তব্যে আমার লজ্জা পাচ্ছে।’

এর আগেও হাসান রাজার বিতর্কিত মন্তব্য নিয়ে ওয়াসিম বলেছিলেন, ‘এমন দাবি যারা তোলেন, তারা নিজেরা হাসির পাত্র বনার সঙ্গে সঙ্গে দেশের এবং আমাদেরকেও কলঙ্কিত করেন।’ সেবারও বেশ বিব্রত হয়েছিলেন ওয়াসিম আকরাম।

বিশ্বকাপ জুড়েই পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বেফাঁস মন্তব্য করে বেশ আলোড়ন তুলেছেন। পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার আবদুল রাজ্জাক দলের সমালোচনা করতে গিয়ে ঐশ্বরিয়া রায় বচ্চনকে টেনে আনেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল নিন্দার পর প্রকাশ্যে ভিডিও বার্তায় ক্ষমাও চান তিনি।