অর্থবছরের ৪ মাস

৬১ মিশনের ৪০টিই লক্ষ্য পূরণে ব্যর্থ

দেশের বাইরে থাকা বিশে^র বিভিন্ন প্রান্তে ৬১টি মিশন রপ্তানি লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে। তবে তাদের মধ্যে অধিকাংশই তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, রপ্তানি আয়ের ৯৬ শতাংশের বেশি আসে এসব মিশনের সহায়তায়। তবে সক্রিয়ভাবে তাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণে কাজ করেছে মাত্র ২১টি মিশন।

অক্টোবর মাস শেষে ৬১টি মিশনের মাধ্যমে রপ্তানি আয় এসেছে ১ হাজার ৬৮৩ কোটি ১১ লাখ ডলার। যা মোট রপ্তানি আয়ের ৯৬ দশমিক ৪৭ শতাংশ। এর মধ্যে লক্ষ্য পূরণ করতে পেরেছে দক্ষিণ কোরিয়ার সিউল, সৌদির জেদ্দা, যুক্তরাজ্যের লন্ডন, ক্যানভেরা, ইরানের তেহরানসহ ২১টি মিশন। তা ছাড়া টোকিও, প্যারিস, কুয়ালালামপুর, মস্কো, হংকংসহ ৪০টি মিশন তাদের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে।

বিশে^র বিভিন্ন প্রান্তে ৬১টি মিশনের মধ্যে বাণিজ্য উইং আছে মাত্র ২০টি মিশনের। এ ২০টি মিশনের মাধ্যমেই আসে মোট রপ্তানি আয়ের ৭৪ দশমিক ৩৯ শতাংশ। এদের মাধ্যমে অক্টোবর শেষে এসেছে ১ হাজার ২৯৭ কোটি ৯০ লাখ ডলার। এ ২০টি বাণিজ্য উইংয়ের মধ্যে ৭টি তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে।