নারায়ণগঞ্জের ফতুল্লায় ফকির অ্যাপারেলস কারখানা পরিদর্শন করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। এ কারখানা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে ফকির অ্যাপারেলস কারখানা পরিদর্শন করেন ইইউ প্রতিনিধিরা।
বিকেএমএইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমরা তাদের (ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি) ফকির অ্যাপারেলসে নিয়ে এসেছি। তারা এখানের কাজ দেখে খুব সন্তুষ্ট। এখানের বিস্তারিত বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে সব কিছু নিয়ে আলোচনা করেছি এবং তারা খুশি হয়েছেন। এখানের ফ্যাক্টরিগুলো দেখে তারা খুবই সন্তুষ্ট। রাজনৈতিক কোনো বিষয় নিয়ে তাদের সঙ্গে কোনো কথা হয়নি। বিভিন্ন ওয়ার্কিং কন্ডিশন দেখেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। সব কিছু দেখে তারা অনেক খুশি।
পরিদর্শনের সময় ফকির অ্যাপারেলস কারখানার উপব্যবস্থাপনা পরিচালক ফকির নাফিজউজ্জামানসহ বিভিন্ন ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এর আগে পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধিদলের সদস্যরা।
প্রতিনিধিদলে ছিলেন ইউরোপীয় কমিশনের ডিজি ইএমপিএল ইউনিটের প্রধান লরা কোরাডো, পলিসি অফিসার এলিসান্দ্রো, ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) কো-অর্ডিনেটর মার্টিন ওয়েস্ট্রাপ ও ডেলিগেশন অব দ্য ইউরোপীয় ইউনিয়ন টু বাংলাদেশে ডেপুটি হেড অব ড. বার্ন্ড স্প্যানিয়ার।