গোপনে মেয়েদের ছবি তুলে আপত্তিকর ভিডিও, পরে ফেসবুকে প্রচার

হবিগঞ্জের  মাধবপুরে পর্নোগ্রাফি মামলায় বাহার মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে বাহারকে গ্রেপ্তার করে মাধবপুর থানা পুলিশের একটি দল।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের এক মেয়ের নামে ফেসবুকে আইডি খুলে নানা আপত্তিকর ছবি পোস্ট করতেন একই গ্রামের বাহার মিয়া।

এই ঘটনায় ওই মেয়ের বাবা বাদী হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করলে আদালত বিষয়টি আমলে নিয়ে মামলা রেকর্ড করেন। এই মামলায় আসামি বাহারকে গতরাতে গ্রেপ্তার করে মাধবপুর থানা পুলিশ।

ভুক্তভোগীর বাবা ও স্থানীয়রা জানায়, বাহারের কাজই হচ্ছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে গোপনে মেয়েদের ছবি তুলে আপত্তিকর ছবি ও ভিডিও বানানো। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ভয় দেখিয়ে অর্থ আদায় করা। এলাকার একটি সূত্র জানায় যারা তাকে অর্থ দিতে অপরাগতা জানায় তাদের ছবি সে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

বাহার মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান।