এবার পাকিস্তানেও কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা

স্মগ বা ধোঁয়াশায় ব্যাপক মাত্রার বায়ুদূষণের কবলে পাকিস্তানের পাঞ্জাব। বিশেষ করে লাহোরের বাতাসের অবস্থা অত্যন্ত শোচনীয়। এ অবস্থায় পরিস্থিতির উন্নতি ঘটাতে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর পরিকল্পনা করছে পাঞ্জাব সরকার। এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে প্রাদেশিক পরিবেশমন্ত্রী বিলাল আফজাল ও শিক্ষামন্ত্রী মনসুর কাদিরের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে শহরে দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপের মূল্যায়ন নিয়ে আলোচনা হয়।

গত প্রায় এক মাস ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে লাহোর ও দিল্লি। শহর দুইটির দূষণের মাত্রা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

শুক্রবার (১৭ নভেম্বর) এয়ার কোয়লিটি এনডেক্সে দেখা গেছে, ২৪৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর। আর ৩০৯ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি।

এর আগে বায়ু দূষণে নাকাল দিল্লিতে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর পরিকল্পনা করা হয়েছিল। তবে তার আগেই প্রাকৃতিকভাবে বৃষ্টি নামে দিল্লিতে। কিন্তু এরপরেও স্বস্তিতে নেই ভারতের রাজধানী।