কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনায় তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৮টায় মৃত ঘোষণা করেন।

নিহতের নাম সেলিনা বেগম (৪০)। তিনি তিন সন্তানের জননী। তাকে হাসপাতালে নিয়ে আসা লেগুনাচালক ইব্রাহিম ও অটোরিকশাচালক মারুফ শেখ জানান, সন্ধ্যায় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাগুর রোডে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই নারী। আশেপাশে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়েছে- তা কেউ বলতে পারছিলেন না। তবে তার পাশে সিএনজি অটোরিকশার একটি ভাঙ্গা গেট ও ভাঙ্গা গ্লাস পড়ে ছিল। তখন তার সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে তার স্বজনদের খবর দেওয়া হয়। তারা আসলে তাদের সহযোগিতায় ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। 

নিহত সেলিনার মেয়ে দিপা আক্তার জানান, তাদের গ্রামের বাড়ি মাদারিপুরের রাজৈর উপজেলায়। তার বাবা মৃত নুরুজ্জামান শেখ। ছোট ভাইকে সাথে নিয়ে তার মা বর্তমানে থাকতেন গুলশান নতুন বাজার এলাকায়। সেখানে পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন। 

তিনি বলেন, সম্প্রতি মা শরিয়তপুরের জাজিরায় এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন বিয়ের দাওয়াতে। সেখান থেকেই আজ ঢাকায় ফিরছিলেন। সন্ধ্যায়ও মায়ের সাথে মোবাইলে কয়েকবার কথা হয়। কাছাকাছি এসে পড়েছেন বলে জানান মা। এর কিছুক্ষণ পরই তার ফোন থেকে এক পথচারী ফোন করে মায়ের দুর্ঘটনার খবর জানান। পরে সেখান থেকে তাকে  দ্রুত হাসপাতালে নিয়ে যান। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সেলিনা বেগম নামে ওই নারীকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসক মৃত বলে জানান। তবে তাকে যারা হাসপাতালে নিয়ে এসেছেন তারা ঘটনা সম্পর্কে কিছুই জানাতে পারেননি। ঘটনটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।