এই ছড়াটি গন্ধরাজের মৌ মৌ করা গন্ধের
আলতা পায়ে কিষাণ বধূর ঢেঁকির তালের ছন্দের।
এই ছড়াটি শস্য ক্ষেতে হলুদবরণ ফুলের
ঝিরিঝিরি হাওয়ায় দোলা ঝুমকো লতা দুলের।
এই ছড়াটি মায়ের হাতে নকশিকাঁথা বোনার
দাওয়ায় বসে দাদীর মুখে গল্পকথা শোনার।
এই ছড়াটি আকাশ নীলে পরিযায়ী পাখির
উঠোন জুড়ে হুলো পুষির ধুলো মাখামাখির।
এই ছড়াটি বাড়ি বাড়ি নাইয়র আসার সুখের
নলেন গুড়ের পায়েস খাওয়া হাসি মাখা মুখের।
এই ছড়াটি মাঠে মাঠে পাকা ধানের শীষের
গাছে গাছে ঝরা পাতার ফিসফিসানি ফিসের।
এই ছড়াটি ঘরে ঘরে নতুন চালের ঘ্রাণের
পুতুল নাচে খোকা খুকুর উছল খুশি প্রাণের।
এই ছড়াটি হেমন্তিকার শিশির কণার আলপনার
রঙতুলি আর ছন্দ ছড়ায় ভাবুক মনের কল্পনার।