দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে তফসিলসংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি হয়েছে। এবারের নির্বাচনে গাজীপুরে পাঁচ আসনে ভোটার ও ভোটকক্ষ বেড়েছে। এর মধ্যে ভোটার বেড়েছে ১ লাখ ৯৬ হাজার ৭৬০। তাদের মধ্যে পুরুষের চেয়ে নারী ভোটার বেড়েছে ৭ শতাংশ। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম গত বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি জারি করেন।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচএম কামরুল হাসান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচ আসনে ২৬ লাখ ১৩ হাজার ৬২৯ জন ভোটারের জন্য ৯৩৫টি কেন্দ্র এবং ৫ হাজার ৫৬৮টি বুথ বা ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। ভোটারদের মধ্যে ১৩ লাখ ৯ হাজার ৯১৯ জন পুরুষ। ১৩ লাখ ৩ হাজার ৭১০ জন নারী। একাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিল ২৪ লাখ ১৬ হাজার ৮৬৯ জন। ভোটকেন্দ্র ও ভোটকক্ষ ছিল যথাক্রমে ৯২২ এবং ৪ হাজার ৫৪১টি। একাদশে পুরুষ ভোটার ছিল ১২ লাখ ১৪ হাজার ৯৫৫ এবং নারী ভোটার ছিল ১২ লাখ ১ হাজার ৯১৪। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার বেড়েছে ১ লাখ ৯৬ হাজার ৭৬০। পুরুষ ভোটার বেড়েছে ৯৪ হাজার ৯৬৪ এবং নারী ভোটার বেড়েছে ১ লাখ ১ হাজার ৭৯৬।
সর্বাধিক ভোটার গাজীপুর-২ আসনে, ৭ লাখ ৭৮ হাজার ৯৯০ জন। সবচেয়ে কম ভোটার গাজীপুর-৪ আসনে, ৩ লাখ ১০ হাজার ৭৪৭টি। গাজীপুর-৩ ও ৪ আসনে নারী ভোটার পুরুষের চেয়ে বেশি।
গাজীপুর-১ আসনে ভোটার ৬ লাখ ৯৫ হাজার ৮৫২, কেন্দ্রসংখ্যা ২৩৭ ও ভোটকক্ষ ১ হাজার ৫১২। পুরুষ ভোটার ৩ লাখ ৪৬ হাজার ৩৪৪ ও নারী ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৫০৮।
গাজীপুর-২ আসনে ভোটার ৭ লাখ ৭৮ হাজার ৯৯০ জন। কেন্দ্র ২৭২ ও ভোটকক্ষ ১ হাজার ৬৮৯। পুরুষ ভোটার ৩ লাখ ৯১ হাজার ৩৪ ও নারী ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৯৫৬।
গাজীপুর-৩ আসনে ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৪২৭। কেন্দ্র ১৮০ ও ভোটকক্ষ ১ হাজার ৬৮। এখানে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৪৩৪ ও নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৯৩।
গাজীপুর-৪ আসনে ভোটার ৩ লাখ ১০ হাজার ৭৪৭টি, কেন্দ্র ১২২ ও ভোটকক্ষ ৬০৪। পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮৭১ ও নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮৭৬।
গাজীপুর-৫ আসনে ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৬১৩। কেন্দ্র ১২৪ ও ভোটকক্ষ ৬৯৫। পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৭২ এবং নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৫৪১।
হিজড়া ভোটার ২৬ : সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান জানান, গাজীপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিজড়া ভোটার ২৬ জন। এর মধ্যে গাজীপুর-১ আসনে ১২, গাজীপুর-২ আসনে ৭, গাজীপুর-৩ আসনে ৫ এবং গাজীপুর-৫ আসনে ২ জন হিজড়া ভোটার রয়েছেন। তবে তাদের বিভিন্ন আসনে নারী ভোটারদের সঙ্গে যোগ করে গণনা করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, ছবি ছাড়া ভোটার তালিকার সিডি কিনতে নির্ধারিত মূল্যে ট্রেজারি চালানের মাধ্যমে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।