হবিগঞ্জে বিএনপির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর হবিগঞ্জ শহরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিরুজ্জামান মামলার তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির নেতাকর্মীরা শহরের শায়েস্তানগর এলাকায় তফসিলের বিরুদ্ধে

বিক্ষোভ করেন।

খবর পেয়ে সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ কয়েকটি টিয়ার শেল ছোড়ে। এ সময় হবিগঞ্জ সদর থানার সাত পুলিশ সদস্যসহ প্রায় ২৫ জন আহত হন। বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

একই দিন রাত সাড়ে ৭টায় শহরের টাউন হল এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পাশাপাশি প্রাইভেট কারসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।