চলতি বছরের জুন মাস থেকেই নিখোঁজ ছিলেন এক মার্কিন নারী। ৩৫ বছর বয়সী ওই নারীর নাম হেদার স্কোয়াব। সম্প্রতি প্রেমিকের ফ্রিজে মিলল হেদারের মরদেহ।
হেদার নিখোঁজ হওয়ার পর থেকে তাকে খুন করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তার মা। হেদারের প্রেমিক স্টিভেন (৪২) সেই কাজ করে থাকতে পারেন বলে আশঙ্কা করেছিলেন তিনি। সেই আশঙ্কায় সত্যি হলো।
হেদারের খোঁজে নভেম্বরের প্রথম সপ্তাহে টেক্সাসের ম্যানিনিতে স্টিভেনের বাড়িতে গিয়েছিল পুলিশ। সেখানে গিয়েই তারা চমকে যান। স্টিভেনের ফ্রিজ থেকে উদ্ধার হয় হেদারের দেহ।
তদন্তকারী অফিসাররা দেখতে পান- প্লাস্টিকে মুড়িয়ে ফ্রিজের মধ্যে রাখা ছিল হেদারের মরদেহ। তবে কী করে হেদারের মৃত্যু হয়েছে সে ব্যাপারেও এখনো কিছু জানা যায়নি। স্টিভেন জানিয়েছেন, গত জুলাই মাসে মৃত্যু হয় হেদারের। তখন তিনি কী করবেন তা ভেবে পাননি। তাই প্লাস্টিকে মুড়িয়ে ফ্রিজে মরদেহ রেখেছিলেন।
যদিও হেদারের মৃত্যু নিয়ে একাধিক গল্প শোনা যাচ্ছে প্রেমিকের মুখে। গত জুন মাসে তিনি পুলিশকে জানিয়েছিলেন, হেদার তাকে ছেড়ে চলে গেছে। সম্প্রতি আবার বলেছিলেন, বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান হেদার। তার জেরেই মৃত্যু হয়েছে। যদিও প্রতিবেশীদের স্টিভেন জানিয়েছিলেন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হেদারের।
স্টিভেনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।