‘গাড়িতে তুলে চোখ বেঁধে হাতুড়ি দিয়ে পেটায়’

নাটোরে এক মাদরাসার সুপারিনটেনডেন্টকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়িপেটা করে আহত অবস্থায় সড়কে ফেলে গেছে মুখোশধারীরা। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার(১৭ নভেম্বর) রাত ৭টার দিকে নাটোর সদর উপজেলার মাঝদিঘা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাদরাসা শিক্ষকের নাম হাফেজ সাইদুল ইসলাম (৩৮)। তিনি নাটোর সদর উপজেলার মাঝদিঘা পূর্ব পাড়ার আবদুর রহমানের ছেলে এবং তিনি মাঝদিঘা নুরানি হাফিজিয়া মাদরাসার সুপারিনটেনডেন্ট।  

হাফেজ সাইদুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে মাদরাসায় কোরআন তিলাওয়াত করছিলাম। এসময় রাত ৭টার দিকে ছয় থেকে সাত জন মুখোশধারী লোকজন পরিচয় জানতে চেয়ে আমাকে ধাক্কাতে ধাক্কাতে একটি মাইক্রোবাসে তুলে নেয়। গাড়িতে তুলে গামছা দিয়ে চোখ বেঁধে হাতুড়ি দিয়ে পেটায়। পরে রাত ৮টার দিকে চিকুর মোড় এলাকায় গুরুতর আহত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, ‘বিষয়টি শুনে গতকালই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’