একদিকে উৎসব, অন্যপাশে তালা

ঈদ আর পূজার বাইরে বাংলাদেশের মানুষের কাছে অন্য এক উৎসবের নাম ছিল নির্বাচন। তবে রাজনৈতিক অস্থিরতার জন্য সে উৎসব থেকে বঞ্চিত জনগণ। সম্প্রতি ঘোষণা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল, নির্বাচন ৭ জানুয়ারি। নির্বাচন ঘিরে উৎসবমুখর ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, অন্যদিকে পুলিশি পাহারায় তালাবদ্ধ রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির কার্যালয়।

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের পর এবার মনোনয়ন ফরম বিক্রি শুরু করল আওয়ামী লীগ। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের পর দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা সংগ্রহ করেন মনোনয়ন ফরম।

এই ফরম কেনাবেচাকে কেন্দ্র করে বাদ্যযন্ত্রের বাজনা থেকে স্লোগান, বাদ যায়নি গান গাওয়াও। আর এভাবেই নির্বাচনকে উৎসবে পরিণত করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

অন্যদিকে, একই সময়ে পুলিশি পাহারায় শুনশান নীরবতা নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে। দলটি এখন পর্যন্ত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করছে। এরই মধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তফসিল প্রত্যাখান করেছে বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল। তবে তফসিলের সমর্থন জানিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তৃণমূল বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও এখন পর্যন্ত নির্বাচনে যাওয়ার বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা না দিলেও তারা নির্বাচনে যাবে বলে বিভিন্ন মহল থেকে জানা গেছে।