একসঙ্গে বেড়ে ওঠা, খেলাধুলা, মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার ইছাপাড়া গ্রামে পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কের মামাতো ভাই-ফুফাতো বোন। আজ শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে দশটায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাইনুদ্দিনের ছেলে মুনতাসির (২) ও মাইনুদ্দিনের ছোট বোন লিজার মেয়ে আফিফা (২) বাড়ির উঠানে খেলছিল। খেলার কোনো একপযার্য়ে সকলের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরের ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদেরকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে থাকে। পরে বাড়ির পাশের পুকুরে শিশু মুনতাসির ও আফিফাকে ভাসতে দেখা যায়। তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

শিশু মুনতাসিরের বাবা মাইনুদ্দিন জানান, ছেলে মুনতাসিরের চেয়ে বয়সে ভাগ্নি আফিফা ১০দিনের বড়। চারদিন আগে তার ছোট বোন লিজা ভাগ্নি আফিফাকে নিয়ে শ্বশুর বাড়ি রূপগঞ্জের গাউসিয়া থেকে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিল। মুনতাসির ও আফিফা একই বয়সী হওয়ায় তারা এক সাথে খেলাধুলা করতো। খেলাধুলার এক পযার্য়ে তাদের একসঙ্গে মৃত্যু হয়।

এদিকে শনিবার বাদ জোহর স্থানীয় চেঙ্গাভিটা ঈদগাঁহ মাঠে ওই দুই শিশুর জানাজা শেষে চেঙ্গাভিটা কবরস্থানে তাদের দাফন করা হয়।