‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুর বিকৃতির প্রতিবাদ খুলনায়

কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানটিতে ভারতীয় সংগীত শিল্পী এ আর রহমান সুর বিকৃতি করেছেন বলে অভিযোগ তুলে খুলনায় প্রতিবাদী সমাবেশ হয়েছে।

শনিবার জনউদ্যোগ-এর আয়োজনে খুলনার আহসান আহমেদ রোডে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সমবেত কণ্ঠে ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি পরিবেশন করা হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জনউদ্যোগ খুলনার আহ্বায়ক শিক্ষক মানস রায়। সভা পরিচালনা করেন জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘কারার ঐ লৌহ কপাট’কে বলিউডের ‘পিপ্পা’ নামের একটি চলচ্চিত্রে অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রাহমান ‘বিকৃতি’ করেছেন। ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি অবিকৃত সুরে বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। মুক্তিযুদ্ধকালে রণাঙ্গনের যোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছে এই গান। গানটির নজরুল সুরারোপিত আদি রেকর্ড থাকার পরও এর বিকৃত পরিবেশনা কেবল অন্যায় ও বেআইনি নয়, নজরুলের সৃষ্টির প্রতিও অবজ্ঞা প্রদর্শন। যা শুধু কবির প্রতি অসম্মানই নয়, বাংলার ইতিহাস, সংস্কৃতি ও বাঙালি জাতির প্রতি অবজ্ঞা।

বক্তারা আরও বলেন, কাজী নজরুল ইসলামের এত সুন্দর একটি কালজয়ী গান, সেই গানটি শুধু গান ছিল না। এই গানটি জাতীয় সম্পদ। এই সম্পদ নষ্ট হতে দেওয়া যাবে না। তাই ঢাকার ভারতীয় দূতাবাসে সংস্কৃতি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।