গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নতুন অতিথি হয়ে এসেছে বিরল হরিণ প্রজাতির এন্টিলোপ গোত্রের একটি নারী নীলগাই। এখন সাফারি পার্কের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে নীলগাইটি।
গত বৃহস্পতিবার ভোরে এটিকে আনা হয় পার্কে। বুধবার বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত এলাকা পাড়িয়া ইউনিয়নের ফকিরভিটা গ্রামে নীলগাইটি ধরা পড়ে। এখন সেটি সাফারি পার্কের নয়া অতিথি।
জানা গেছে, দলছুট হয়ে পার্শ্ববর্তী দেশের একটি নীলগাই সীমান্ত পার হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ঢুকে পরে। এ সময় স্থানীয়রা নীলগাইটি ধরে। পরে বিজিবি ও বন বিভাগের লোকজন সেটি উদ্ধার করে। উদ্ধারের পর দিনাজপুরের জাতীয় উদ্যান রামসাগর চিড়িয়াখানাতে রাখা হয়। পরে বন বিভাগের সিদ্ধান্তে নীলগাইটি সাফারি পার্কে আনা হয়।
পার্ক সূত্র জানায়, প্রাপ্তবয়স্ক এ নারী নীলগাইটি পার্কের ভেতরের কোর সাফারির একটি বেষ্টনীতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখানে দুই সপ্তাহ রেখে পরে নীলগাইটি পার্কের আফ্রিকান সাফারির নীলগাই বেষ্টনিতে অবমুক্ত করা হবে। তবে উদ্ধারের সময় নীলগাইটি আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন তাকে বেশ পর্যবেক্ষণ করা হচ্ছে। রামসাগর থেকে নারী নীলগাইটিকে বিশেষ গাড়িতে করে সাফারি পার্কে এনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সাচ্ছন্দে প্রাণীটি গাড়ি থেকে নেমে কোয়ারেন্টাইনে প্রবেশ করেছে। পার্কে আগে থেকেই ৮টি নীলগাই আছে। নতুন নীলগাইটি নিয়ে সাফারি পার্কে আনার পর মোট ৯টি হলো নীলগাই পরিবারে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) রফিকুল ইসলাম নীলগাই গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, এখন সেটি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (ঢাকা) বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার বলেন, আমাদের সাফারি পার্কে নীলগাই বেশ কয়েকবার বাচ্চা জন্ম দিয়েছে। পার্কে দুবার জমজ বাচ্চার জন্ম হয়েছে নীলগাই পরিবারের। এ বছর ওয়াইল্ডবিস্ট, জেব্রা, কমইল্যান্ডও বাচ্চার জন্ম দিয়েছে। এখন নতুন একটি নীলগাইসহ পার্কে মোট নয়টি নীলগাই। তার মধ্যে সাতটি পুরুষ ও দুটি নারী রয়েছে এ পালে।