বিআইসিএম এ বাংলাদেশে সুকুক মার্কেটের উন্নয়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর মাল্টিপারপাস হলে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএম এর সাবেক সহকারী অধ্যাপক তাশরুমা শারমিন চৌধুরী।

বিআইসএম এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওয়ার্কশপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ আনোয়ার হোসেন।

আলোচনায় মোহাম্মাদ আনোয়ার হোসেন সুকুক ইস্যু করার ক্ষেত্রে বিভিন্ন পক্ষের ভূমিকা, সুকুকে বিনিয়োগের উপকারিতাসহ সুকুক সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়াও, তিনি উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভাপতির বক্তব্যে ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, সুকুক একটি বিনিয়োগযোগ্য ক্যাপিটাল মার্কেট ইন্সট্রুমেন্ট। বিশ্বব্যাপী অবকাঠামোগত উন্নয়নে সুকুক বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও, গ্রীণ সুকুক ও এসআরআই (ঝড়পরধষষু জবংঢ়ড়হংরনষব ওহাবংঃসবহঃ) সুকুক টেকসই উন্নয়ন অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগকারীদের মধ্যে সুকুককে পরিচিত করার লক্ষ্যে বিআইসিএম কাজ করে যাচ্ছে। সুকুকের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে ব্যাংকগুলোর মতামত অতীব গুরুত্বপূর্ণ। তারই অংশ হিসেবে বিভিন্ন ব্যাংকের মনোনীত প্রতিনিধিদের নিয়ে আজকের এই কর্মশালা আয়োজন করা হয়েছে।

এছাড়াও, বিআইসিএম আয়োজিত এই কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীদের সাথে একটি ইন্টারএকটিভ সেশন পরিচালনা করা হয়েছে যার পর্যালোচনা করার মাধ্যমে ইনস্টিটিউট উক্ত বিষয়ে পলিসি সাজেশন তুলে ধরতে পারবে। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপক ও আলোচক এর সাথে ইন্সটিটিউট-এর সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খান ও প্রভাষক জনাব এস. এম. কালবীন ছালিমা, সিএসএএ উক্ত সেশনটি পরিচালনা করেন।