সন্দেহজনক ল্যাপটপসহ কানাডাগামী যাত্রী গ্রেপ্তার 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কানাডা প্রবাসীর কাছে সন্দেহজনক ল্যাপটপ থাকায় তাকে অফলোড করেছে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স। তার নাম সোমানী সুমিত। তার গ্রামের বাড়ি রাজশাহী। থাকেন সেগুনবাগিচা এলাকায়।

বিমান বন্দর সূত্রে জানা গেছে, শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরেন্টো রুটের ফ্লাইট বিজি ৩০৫ এর যাত্রী ছিলেন সোমানী সুমিত। তিনি দুপুর ২টার দিকে শাহজালাল বিমান বন্দরে আসেন। বোডিং কার্ড নেয়ার সময় তার সাথে থাকা ল্যাপটন স্ক্যানিং করলে অবৈধ কিছু আছে এমন সংকেত দেয়। 

পরবর্তীতে সুমিতকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, এটা ল্যাপটপ, এর ভেতরে কিছু নেই। পরে সন্দেহ হলে শনিবার সকালে কাস্টমস এর স্ক্যানিং মেশিন ইভিএস মেশিনে স্ক্যানিং করলে একই সংকেত আসায় তাকে অফলোড করে এভসেক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তার ল্যাপটপে ডিভাইস জাতীয় কিছু আছে বলে সন্দেহ করা হচ্ছে।

শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) কর্তৃপক্ষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানের এমডি শফিউল আজিম  জানান, ল্যাপটপ স্ক্যানিং করে নেতিবাচক সংকেত পাওয়ায় যাত্রীকে এভসেকের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এর পরিচালক উইং কমান্ডার মোহাম্মাদ মিরান হোসেন জানান, সোমানী সুমিতের ব্যাগেজে সন্দেহজনক ল্যাপটপসহ কিছু জিনিস পাওয়া গেছে। তাই তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।