ইমরান হাশমিকে চুমু সালমানের, হতভম্ব ক্যাটরিনা!

‘টাইগার ৩’ মুক্তির আগে খুব বেশি প্রচার করতে দেখা যায়নি টিম টাইগারকে। তবে বিশ্বব্যাপী ৩০০ কোটির গণ্ডি পেরোতেই প্রকাশ্যে এল জয়া, টাইগার ও আতিশ। প্রথমে দর্শকদের ধন্যবাদ জানান তিনজনেই। এদিন মুম্বাইয়ের ইভেন্টে বেশ খোশমেজাজেই দেখা গেল সালমান খানকে। ক্যাটরিনাকে তার ‘ডেজার্ট স্কার্ফ’টি উপহারস্বরূপ দেন। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির প্রায় প্রতিটি ছবিতেই কালো খোপকাটা এই স্কার্ফটি ব্যবহার করেছেন ভাইজান। তা খুলে পরিয়ে দেন ক্যাটরিনাকে। তার পর চুমু দিয়ে বসেন ইমরান হাশমিকে, যা দেখে হতবাক ক্যাটরিনাও।

অনুষ্ঠান চলাকালীন সালমান বলেন, ‘যে ছবিতে ক্যাটরিনা রয়েছে, সেখানে একটু প্রেম থাকবে না, তা কি হয়!’ এই বলে সোজা এগিয়ে যান ইমরান হাশমির দিকে। ইমরানের দিকে তাকিয়ে ভাইজান বলেন, ‘যদি ইমরান আতিশের রোলে না থাকত, তাহলে এটা তো হয়েই যেত।’

ছবিতে খলচরিত্রে দেখা গিয়েছে ইমরানকে। ততক্ষণে সলমনের কাণ্ড দেখে হাসির রোল অনুষ্ঠান কক্ষে। আসলে ইমরানের অভিনয় ক্যারিয়ার গ্রাফের দিকে তাকালে দেখা যাবে শুরু থেকে প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এক সময় তাকে ‘সিরিয়াল কিসার’-এর তকমা দেয় ইন্ডাস্ট্রি। হয়তো সেই প্রসঙ্গ থেকে খানিক রসিকতা করে ফেলেন সালমান।