উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গপথ বিপর্যয়ের কারণে আটকে পড়া শ্রমিকদের গতকাল শনিবার দেড়শ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি। উদ্ধারকার্মীরা সুড়ঙ্গের সম্মুখ প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছেন। সেই কারণে তারা এবার ওপর দিক থেকে খননকাজ চালাতে চাইছেন। তবে এখনো পর্যন্ত ৪০ শ্রমিকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে উদ্ধারকারী দল।
উত্তরাখণ্ডের উত্তরাকাশী অঞ্চলের ঘটনাস্থলে দিল্লি থেকে একটি বড়সড় খননযন্ত্র নিয়ে এসে নতুন উদ্যমে খনন শুরু করা হয়েছিল। কিন্তু এতে ত্রুটি দেখা দেওয়ার পর নতুন আরেকটি যন্ত্র দিয়ে কাজ অব্যাহত রাখা হয়। পরিকল্পনা ছিল, খনন করে পাইপ ঢুকিয়ে তার মধ্য দিয়ে শ্রমিকদের উঠে আসার পথ তৈরি করে দেওয়া হবে। কিন্তু গত শুক্রবার খননকাজের একপর্যায়ে নতুন করে ধস নামে। তাই সেই কৌশল বাদ দেওয়া হয়।