ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই দ্যুতি ছড়াচ্ছেন। তাতে জাতীয় দলের নির্বাচকদের রাডারে ছিলেন। তাই ইমার্জিং দলের সঙ্গে পাঠানো হতো তাকে। সেখানেও পারফরম করেছেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে আছেন শীর্ষ ১০ উইকেট শিকারিদের তালিকায়। আর তা দিয়েই মন জয় করে জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন হাসান মুরাদ।
আগামী ২৮ নভেম্বর থেকে সিলেটে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ১৫ সদস্যের দলে আছে তার নাম। সেই দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত থাকবেন, সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। তার নেতৃত্বেই সেই দল ঘোষণা করা হয়েছে। যেখানে নতুন মুখ দুটি। যার একটি হাসান মুরাদ। দলে ফিরেছেন টপঅর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলাম, উইকেটকিপার নুরুল হাসান সোহান ও অফস্পিনার নাঈম হাসান।
জাতীয় লিগের চলমান আসরে সর্বোচ্চ দুই উইকেট শিকারি নাঈম হাসান ও তাইজুল ইসলাম আছেন দলে। নাঈমের ঝুলিতে আছে ৩৪ আর তাইজুলের শিকার ২৬ উইকেট।
এই সিরিজে চোটের কারণে সাকিব আল হাসান আর সদ্য বাবা হওয়া লিটন দাস থাকছেন না সেটা আগেই জানা গিয়েছিল। তাতে দীর্ঘদিন পর দলে ফিরেছেন সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান। জাতীয় দলের হয়ে সাদমান সবশেষ টেস্টে খেলেছেন গত বছরের এপ্রিলে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দীর্ঘ দেড় বছর পর আবার দলে ফিরেছেন তিনি। এছাড়া সোহানও সবশেষ জাতীয় হয়ে সাদা পোশাকের ক্রিকেট খেলেছেন এক বছর আগে। সেটা গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে।
তবে এবারের জাতীয় লিগে দুজনেই সেরা পাঁচ রান সংগ্রাহকদের তালিকায় আছেন। সোহান ৬ ম্যাচের ৯ ইনিংসে ব্যাট করে ৪৮.৩৩ গড়ে ৪৩৫ রান করে আছেন তালিকার দ্বিতীয়তে। সর্বোচ্চ ১৩৪ রানের ইনিংস আছে তার। অন্যদিকে ৫ ম্যাচের ৮ ইনিংসে ব্যাট করা সাদমান ৫১.৩৭ গড়ে করেছেন ৪১১ রান। তিনি আছেন তালিকার চারে। ৪৭৫ রান করে এই তালিকার শীর্ষে থাকা মুমিনুল হকও আছেন দলে। এছাড়া তৃতীয় স্থানে থাকা জাকির হাসানকেও রাখা হয়েছে স্কোয়াডে। তার মোট রান ৪০৪।
দল ঘোষণার আগে কাল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘লিটন এক মাসের জন্য ছুটি চেয়েছে। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার চাপ দিচ্ছিল। তাই ছুটি দিয়েছি।’ লিটন না থাকায় শান্তকে অধিনায়ক করার কথা জানিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘সামনের দুটি টেস্টে শান্ত নেতৃত্ব দেবে।’
বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।