পুকুরে ডুবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামাতো-ফুফাতো ভাইবোন, নাটোরের বাগাতিপাড়ায় দুই বছর বয়সী শিশু ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূ মারা গেছেন। গতকাল শনিবার ঘটে এসব দুর্ঘটনা। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ইছাপাড়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো ভাই ও ফুফাতো বোনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাইনুদ্দিনের ছেলে মুনতাসির (২) ও মাইনুদ্দিনের ছোট বোন লিজার মেয়ে আফিফা (২) বাড়ির উঠানে হাত ধরাধরি করে খেলছিল। খেলার কোনো এক পর্যায়ে সবার অলক্ষ্যে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের পুকুরে মুনতাসির ও আফিফাকে ভাসতে দেখে তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া (নাটোর) : বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে ইসরাত (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার পাকা ইউনিয়নের গাঁওপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু ইসরাত ওই এলাকার আসাদুল ও সুমাইয়া খাতুন দম্পতির মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু ইসরাত ও তার বোন নুসরাত (৪) সকালে বাড়ির পাশে খেলছিল এবং তার মা চুলায় ভাত চাপিয়ে পাশের বাড়িতে মুরগি জবাই দিতে গিয়ে ফিরে এসে দেখে তার মেয়ে বাড়িতে নেই। খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী রাস্তা দিয়ে একজন হেঁটে আসার সময় পুকুরের পানিতে ওই শিশুর লাশ ভাসতে দেখে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম রিপু আক্তার (২২)। বেলা ১১টায় রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা খোন্দকারপাড়ায় এ ঘটনাটি ঘটে।