রাজধানীর গুলশানে হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বাসায় অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করা যায়নি। র্যাব বলছে, সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাকে গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি অনুকূলে থাকলে তাকে গ্রেপ্তার করা হবে।
গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, বৃহস্পতিবার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব সব নিয়ম মেনে আইনের আওতায় আনতে অভিযান চালায়। অভিযানে র্যাবের কর্মকর্তাসহ ম্যাজিস্ট্রেট, ডাক্তারকে নিয়ে যাওয়া হয়েছিল।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘অভিযানের সময় তিনি বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটান। তার বাসায় একজন ব্রিটেনের নাগরিক উপস্থিত ছিলেন। তিনি তার বন্ধু। এ ছাড়া তার বাসায় চতুর্থ স্ত্রী ছিলেন। আমরা সব নিয়ম মেনে তাকে আইনের আওতায় আনার চেষ্টা করি। কিন্তু তিনি নিজে ছুরি হাতে আত্মহত্যার হুমকি দেন, বাসায় জানালার গ্লাস ভেঙে ফেলেন, ভবন থেকে লাফ দেওয়ার হুমকি দেন। এর পরও আমরা যখন তাকে আটক করতে যাই তখন তার স্ত্রীকেও ফেলে দেওয়ার হুমকি দেন।
সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা তাকে গ্রেপ্তার করিনি। পরিস্থিতি আমাদের অনুকূলে থাকলে তাকে গ্রেপ্তার করা হবে।’
এক প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন। এমনকি বৃহস্পতিবার র্যাব অভিযানে যাওয়ার আগে তার প্রতিষ্ঠানে কর্মরত ২৫০ শতাধিক শ্রমিককে কাভার্ড ভ্যানে করে তার বাসভবনে নিয়ে আসেন। তাদেরও বাসায় আটকে রাখা হয়। এমনকি কেউ যেন বাসা থেকে বের না হতে পারে, এজন্য বাসার প্রধান ফটক ঝালাই করেন। পরবর্তী আমরা যখন শ্রমিকদের সঙ্গে কথা বলি তখন তারাও বের হতে চান। কিন্তু এই শ্রমিকরা চলে যেতে চাওয়ায় তাদেরও হত্যার হুমকি দেন। পরে তার বাসায় থাকা ব্রিটিশ নাগরিক ও স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন। ওই বিদেশি নাগরিক পরে চলে গেছেন। মূলত আমরা তাকে সুস্থ-স্বাভাবিকভাবে গ্রেপ্তার করতে চাই।’
৫