রাজধানীর শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। তার নাম রবিউল ইসলাম (১৯)।
আজ রোববার ভোর ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, রবিউলের শরীরের ২৬ শতাংশ দগ্ধ হয়েছিলো। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা গেছে। আমিরুল ইসলাম (৩৫) নামে একজন ভর্তি আছেন। আর বাকি দুজন ছাড়পত্র নিয়ে চলে গেছেন।
এর আগে শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে শ্যামপুর বাসেদ স্টিল মিলে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
এতে দগ্ধ হন, শ্রমিক রবিউল ইসলাম (১৯), শাহ আলম (৩৫), আমিরুল ইসলাম (৩৫) ও মাজহারুল ইসলাম (৩৭)।
স্টিল মিলের আরেক শ্রমিক মাইনুল হোসেন জানান, রাতে তিনি খবর পান, স্টিল মিলের ভিতরে বিস্ফোরণ হয়েছে। এতে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে তিনি সেখান থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
মৃত রবিউলের বাড়ি বরগুনার সদর উপজেলা পটকাখালি গ্রামে। তার বাবা মো. সিদ্দিক জানান, ভোরে তিনি দুর্ঘটনার খবর পান। তবে হরতালের কারণে গ্রাম থেকে ছেলের লাশ নিতে আসতে পারেন নি। কারখানা কর্তৃপক্ষ এ্যাম্বুলেন্সে করে লাশ বাড়িতে পৌছে দিয়ে আসবেন বলে তাকে জানানো হয়েছে।
তিনি জানান, এক সপ্তাহ আগেই গ্রাম থেকে ঢাকায় এসে স্টিল মিলটিতে কাজ নিয়েছিলো রবিউল।