রোহিতের আক্রমণাত্মক শুরু

বোলার জশ হ্যাজলউড। রোহিত শর্মা ক্রিজ ছেড়ে বেরিয়ে এলেন। কাভারের ওপর দিয়ে মারলেন ইনিংসের প্রথম চার। মিচেল স্টার্কের করা ফাইনালের প্রথম ওভারে ৩ রান আসার পর হ্যাজলউডের ওপর চড়াও হয়ে রোহিত বার্তা দিলেন, ফাইনালেও খেলার ধরন বদলাবেন না তিনি। পরের বলে লেগ সাইড দিয়ে মেরেছেন আরেকটি চার, যদিও সেটিতে ঠিক তেমন নিয়ন্ত্রণ ছিল না ভারত অধিনায়কের।

সেটা বোঝা গেল মিচেল স্টার্কের ওভারে। এই অজি পেসারের বলে স্লিপে উঠেছিল ক্যাচ, কিন্তু এ উইকেটে গতি আর বাউন্স তেমন নেই। ক্যাচ যায়নি স্লিপ পর্যন্ত। পরের ওভারে হ্যাজলউড বোলিং শুরু করেছেন স্লিপ ছাড়াই। ধারাভাষ্যে রিকি পন্টিং বলছিলেন, শর্ট বলের কথা। সেটিই করেছেন, রোহিত পুল করতে গিয়ে ক্যাচও তুলেছিলেন।

তবে ডিপে থাকা ট্রাভিস হেড অনেকটা ছুটে এসে ডাইভ দিয়েও নাগাল পাননি সেটির। এরপর শর্ট অব আ লেংথের বলে তুলে মেরেছেন রোহিত, ক্রস সিমের বলে টাইমিং ছিল দুর্দান্ত, মিডউইকেটের ওপর দিয়ে হয়েছে ছক্কা। শেষ বলে ডাউন দ্য গ্রাউন্ডে এসে মিড অনকে ভেদ করে রোহিত মেরেছেন চার। রোহিতের বিমান টেক অফ করেছে, বলাই যায়!