ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে হালাল ট্যাগযুক্ত খাবারে নিষেধাজ্ঞা দিয়েছে রাজ্য সরকার। আর তাই রাজ্যটিতে হালাল ট্যাগযুক্ত সকল ধরনের খাবার ও পণ্য বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রবিবার থেকে হালাল ট্যাগযুক্ত সকল পণ্য নিষিদ্ধ করেছে উত্তর প্রদেশ সরকার। রাজ্য সরকার নির্দেশ অনুযায়ী, হালাল ট্যাগযুক্ত খাদ্য পণ্যের উৎপাদন, সংরক্ষণ, বিতরণ এবং বিক্রয় অবিলম্বে নিষিদ্ধ করা হয়েছে। তবে রপ্তানির জন্য যে হালাল খাবার উৎপাদন করা হয়ে থাকে, সেটির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না।
সুতরাং, দুগ্ধজাত পণ্য, চিনি, বেকারি পণ্য, পেপারমিন্ট অয়েল, স্ন্যাকস এবং খাবার তেল সহ সব ধরনের খাদ্য পণ্যের হালাল প্রশংসাপত্র নিষিদ্ধ করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বেশ কিছু মেডিসিন, মেডিকেল ডিভাইস ও কসমেটিকস পণ্যেও হালাল সার্টিফিকেট থাকে। উত্তর প্রদেশ সরকারের দাবি, সরকারি নিয়মে কোথাও ওষুধ বা কসমেটিকসে হালাল সার্টিফিকেশন মার্কিংয়ের নিয়ম নেই।
প্রতিবেদনে আরও বলা হয়, মূলত কিছু সংস্থা ও বেশ কয়েকজন ব্যক্তির ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে ‘নকল হালাল’ সার্টিফিকেটের নামে সাধারণ মানুষকে প্রতারিত করছে। আর পুলিশের কাছে এমন অভিযোগ দায়ের হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হালাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড চেন্নাই, জমিয়াতে উলামা-ই-হিন্দ হালাল ট্রাস্ট দিল্লি, হালাল কাউন্সিল অব ইন্ডিয়া মুম্বাই, জমিয়াতে উলামা মহারাষ্ট্রসহ একাধিক সংস্থার বিরুদ্ধে ‘ধর্মীয় ভাবাবেগকে’ ব্যবহার করে বিক্রি বাড়ানোর অভিযোগও দায়ের করা হয়েছে রাজ্যটিতে।