পাবনায় বিএনপির মিছিল, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন পাবনা শহরের বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা। এসময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাসসহ কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাবিপ্রবির এক শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা যায়, রবিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুজাহিদ ক্লাব এলাকা থেকে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বড় বাজার এলাকায় পৌঁছালে হরতাল সমর্থনে পিকেটিং করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কয়েকটি গাড়ি ভাঙচুর এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়।

এদিকে, হরতালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) বিআরটিসির একটি বাসেও ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। এতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম শাহিদুল ইসলাম জিহাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।

গাড়িতে থাকা শিক্ষার্থীরা জানান,  রবিবার সকাল সাড়ে দশটায় শিক্ষার্থী নিয়ে ক্যাম্পাস থেকে বিআরটিসির একটি দোতলা বাস ছাড়ে। বাস মহিষের ডিপো এলাকায় পৌঁছালে ১০-১২ জন পিকেটার একটা গলি থেকে বের হয়ে বাসে ঢিল মারা শুরু করে। এসময় বাসের ৪ টি জানালা ভেঙে যায়। পরে চালক বাসের গতি বাড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

আহত শিক্ষার্থীর শাহিদুল ইসলাম জিহাদ জানান, তিনি মহিষের ডিপো এলাকায় নামার দরজায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে বাসে ঢিল ছোড়া শুরু হয়, তখন চালক ব্রেক কষলে তিনি বাস থেকে পড়ে যান। এতে তার হাঁটুর চামড়া ছিলে যায় এবং পায়ে ব্যথা পান। পরে প্রাথমিক চিকিৎসার জন্য তার সহপাঠীরা তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়।