ছোট ভাইকে বাঁচাতে গিয়ে মারা গেল শিশুটিও

বাড়ির পাশে খোলা স্থানে অন্য শিশুদের সাথে খেলার আনন্দে মেতেছিল দুই ভাই। কিন্তু দুপুর গড়িয়ে সে আনন্দ উল্লাস বিষাদে রূপান্তরিত হয়। পাশের বিলে ডুবে দুই ভাইয়ের মৃত্য হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভিটিপাড়া গ্রামের রিফজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু তামিম আহম্মেদ (৭) ও তার ছোট ভাই ইসমাইল (৪)। তারা ওই গ্রামের কাঠমিস্ত্রী আল আমীনের ছেলে। তাদের মা ফাতেমা আক্তার পোশাক কারখানার শ্রমিক। শিশুরা দাদা-দাদির সাথে গ্রামের বাড়িতে থাকতো বলে স্বজনরা জানান।

শিশুর স্বজন ঈমান আলী জানান, সকালে বাড়ির পাশে তারা খেলা করছিল। এ সময় অন্য শিশুরাও সাথে খেলা করছিল। কিছুক্ষণ পর খেলার ফাঁকে আচমকা পাশের কিবরিয়ার মাছের বিলে পড়ে যায় ছোট ভাই ইসমাইল। পরে তাড়াহুড়া করে বড় ভাই তামিম তাকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় সেও পিছলে পড়ে যায়। এ সময় অন্য শিশুরা টের পায়নি। পরে শিশুরা একজনের (ছোট ভাই) মরদেহ ভাসতে দেখে কান্নাকাটি শুরু করলে পাশের বাড়ির এক নারী তাকে উদ্ধার করে। ঘণ্টা খানেক পর আরও একজনের লাশ উদ্ধার করা হয়।

শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, আমাদের কাছে এমন কোনো খবর এখনও আসেনি। আমরা দ্রুত খোঁজ নিচ্ছি। কীভাবে ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছি।