জোটবদ্ধভাবে ৩০০ আসনে নির্বাচন করব : তৈমূর আলম খন্দকার

জোটবদ্ধভাবে ৩০০ আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘অনেক দল আমাদের সঙ্গে যোগাযোগ করছে। শক্তিশালী জোট গঠন করে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবো। আর যদি নাও পারি আমরা হব প্রধান বিরোধীদল।’

আজ রবিবার (১৯ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তৈমূর আলম খন্দকার বলেন, মনোনয়ন ফরম বিতরণে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সাবেক সংসদ সদস্য, মেয়র, বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তৃণমূল বিএনপির ফরম সংগ্রহ করেছেন। তারা মনে করে তৃণমূল বিএনপির জনগণের ব্যাপক সাড়া আছে নির্বাচনে ভালো করবে।

এদিকে, আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না এমন প্রশ্নের জবাবে শমসের মবিন চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক মহলের একটি অংশের উদ্বেগের কথা আমরা শুনে থাকি। যারা পশ্চিমা বিশ্ব বলে পরিচিত, তারা একদিকে গণহত্যায় সমর্থন দেয়, অন্যদিকে গণতন্ত্রের কথা বলে। এর বাইরে আন্তর্জাতিক মহলের বড় অংশটিই মনে করে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বাংলাদেশের অংশীদারত্বের সিদ্ধান্ত জনগণ নেবে।’