আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। দলীয় প্রতীক ‘চেয়ার’ নিয়ে নির্বাচন করবে দলের প্রার্থীরা। আগামী মঙ্গলবার থেকে মনোনয়ন প্রত্যাশীর কাছে দলীয় মনোনয়ন ফরম বিতরণের সিদ্ধান্তও নিয়েছে দলটি।
রবিবার দলের সর্বোচ্চ নীতি নিধারণী ফোরাম ‘মজলিসে খাস’-এর সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের দপ্তর সম্পাদক এ এম মঈন উদ্দিন চৌধুরী হালিম দেশ রূপান্তরকে জানান, আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণের সিদ্ধান্ত হয়েছে। দলের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। আগ্রহী প্রার্থীদের ঢাকা পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।
দলীয় সূত্র জানায়, সভায় সংগঠনের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরকে সচিব করে ১৪ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। সভায় আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে ইসির দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি একটি অর্থবহ সমঝোতার মাধ্যমে নির্বাচনকেন্দ্রিক সৃষ্ট সংকট অবসানে অংশীজনদের কার্যকর ভূমিকায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।
সভায় মজলিসে খাছ-এর সদস্যদের মধ্যে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা কাজী জসিম উদ্দীন, স ম হামেদ হোসাইন, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, অ্যাডভোকেট হাবিবুর রহমান মুকুল ও অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা প্রমুখ উপস্থিত ছিলেন।